ছবিঃ শিক্ষাঙ্গন
চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চবিদ্যালয়ে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল শনিবার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; তাদের নৈতিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা যদি নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তাহলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হবে না। একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি অভিভাবকেরাও সন্তানদের শিক্ষার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শুধু তার ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং পরিবার ও জাতির জন্যও দুঃখজনক। এ ক্ষেত্রে শিক্ষকদের আরও আন্তরিক ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি বিভাগের উপসচিব মো. মাহবুব আলম।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মনজুর আহমেদ সেলিম এবং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।